ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহালবাড়ি এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই বস্তি এলাকার মৃত নূরনবীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে গোহালবাড়ি এলাকায় ইমরান হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগে ফিরোজকে আটক করে স্থানীয় লোকজন। একপর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মঙ্গলবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
