জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী
জয়পুরহাট প্রতিনিধি
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’। – এ শ্লোগানে জয়পুরহাটে সপ্তাহব্যাপি আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস্’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শনিবার বিকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন- জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার সহ অন্যান্য উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাটে এ প্রতিযোগিতার ৮টি ইভেন্টে প্রথম স্থান অধিকারীরা আগামী ১৬মে রাজশাহীতে অনুষ্ঠিতব্য নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে গত ২মে সারাদেশের সাথে এক যোগে জয়পুরহাটে ১২থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের জেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট,কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, দাবা ও সাঁতার এ ৮টি ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়েছিল।
