প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট
রেফারির শেষ বাঁশি বাজতেই রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠল বগুড়ার রক্সি ফুটবল একাডেমির মেয়েরা। আনন্দের আতিশয্যে নেচে-গেয়ে মাঠের ভেতর কিশোরী ফুটবলারদের সেই উদযাপন চলল অনেকটা সময় জুড়ে। তাদের এই উল্লাসের উপলক্ষ্যটাও বিশাল। প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে রংপুর অঞ্চলের সেরা ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির পর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল অর্থাৎ ঢাকার সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে তারা। অক্টোবরের শেষ সপ্তাহে হবে চূড়ান্ত পর্ব। গতকাল বিকেলে রাজশাহী অঞ্চলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে রক্সি ফুটবল একাডেমি ২-১ গোলে হারিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমিকে।
এর আগে, দুপরে দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডমি ৩-০ গোলে রাজশাহীর ফিরোজ কবির ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠে আসে। দুই গোল করে ম্যাচ সেরা হন জয়ী দলে মোছাঃ আখি আক্তার। সকালে দিনের প্রথম আঞ্চলিক সেমিফাইনালে জয়পুরহাটের সানরাইজ ফুটবল একাডেমিকে ৪–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে আঞ্চলিক ফাইনালে ওঠে রক্সি ফুটবল একাডেমি। সেই ম্যাচে দুর্দান্ত খেলে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন রক্সির মোছাঃ আলেফা আক্তার। আর বিকেলের ফাইনালে গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মোছাঃ পাপিয়া আক্তার।
টুর্নামেন্ট কমিটির সদস্য এবং প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন ক্রীড়াঙ্গন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ঢাকা থেকে সকালেই এসে পৌঁছান বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার শিউলি আজিম, যিনি মাঠের খেলোয়াড়দের করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক নাবিল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এগ্রি বিজনেসের সিওও আনিসউল্লাহ মাহবুব হাসান, চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ শহিদুল আলম এবং হেড অব মার্কেটিং আক্তারুজ্জামান।
স্থানীয় ক্রীড়া সংগঠকদের মধ্যে ছিলেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মোজাম্মেল হক এবং প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। এ ছাড়া উপস্থিত ছিলেন রাকসুর ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় নার্গিস খাতুন এবং জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় (২০০৪-২০১০) রাজশাহীর মেয়ে মাহফুজা খাতুন নীলা। প্রেস বিজ্ঞপ্তি
