রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

নতুন প্রভাত ডেক্স
গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মোঃ মারুফ খান রাজীব (পিতা: মোঃ শফি খান), স্থায়ী ঠিকানা- দড়িখরবোনা এবং বর্তমান ঠিকানা- সুজানগর শিল্পীপাড়া, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগর। তিনি বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা রেলগেট এলাকা হতে কাটাখালি বাজারে যাওয়ার উদ্ধেশ্যে একটি অটোরিকশায় ওঠেন যার পিছনে “রাজশাহী ট্রাভেলস” লেখা ছিল।

পরবর্তীতে দুপুর আনুমানিক ১২টা ০৪ মিনিটে কাটাখালী বাজারে পৌঁছে তিনি তাঁর ব্যবহৃত এইচপি ব্র্যান্ডের ল্যাপটপের একটি বড় ব্যাগ ভুলবশত অটোতে ফেলে নেমে যান। পরে অটো ও চালককে খোঁজাখুঁজি করেও তিনি কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তিনি বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অটোটি শনাক্ত করতে সক্ষম হয়। অটোর পেছনে মোবাইল নম্বরের সূত্র ধরে অটোর মালিকের সঙ্গে যোগাযোগ করে চালককে শনাক্ত করা হয়।

পরবর্তীতে অটো চালক মোঃ মুহিম (পিতা: সাইফুদ্দিন ইসলাম, সাং- প্রেমতলী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী) জিজ্ঞাসাবাদে ব্যাগটি পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং আজ ০৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ২টার দিকে আরএমপি’র সিটিটিসি বিভাগে ব্যাগটি জমা দেন।

পরে সিটিটিসি বিভাগ ব্যাগটির মালিককে অবহিত করলে উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপি’র মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএম-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আরএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। ব্যাগটির ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সব মালামাল অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি বিভাগের এ উদ্যোগ হারানো মালামাল উদ্ধারে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

হারানো ব্যাগটি ফিরে পেয়ে ভুক্তভোগী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট