কমিউনিকেশন স্কিলস ফর জব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
স্টাফ রিপোর্টার:
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘লিডারশিপ অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলস ফর জব’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে ৭০ জন শিক্ষার্থীর এ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ এবং কার্যকর যোগাযোগ দক্ষতা অর্জনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
কর্মশালায় বর্তমান প্রতিযোগিতামূলক চাকরি বাজারে সফল হতে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষক হিসাবে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কালাম মুরশেদ (কাজেম) এবং সদস্য সচিব সারোয়ার হোসেন রুপন। তারা শিক্ষার্থীদের পেশাগত জীবনে সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় মানসিকতা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ সেশনে আত্মবিশ্বাস বৃদ্ধি, টিমওয়ার্ক, প্রেজেন্টেশন স্কিল, ইন্টারভিউ প্রস্তুতি এবং পেশাগত আচরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সামগ্রিক দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিবিদ্যা বিভাগের প্রধান ড. মোসাম্মাৎ জাহান্নারা আক্তার বানু।
