আগুনে ক্ষতিগ্রস্থদের সহায়তা দিলেন এমপি
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি পরিবারের স্বপ্ন। নগদ সাড়ে ৯ লাখ টাকাসহ ঘরবাড়ি, ফসল ও আসবাবপত্র পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সময় পরিধেয় বস্ত্র ও গোয়াল ঘরে থাকা গরু মহিষ ছাড়া কিছুই অবশিষ্ট থাকে নি।
গত শুক্রবার (১৪ আগস্ট ) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন একই বাড়ির বাসিন্দা নূরুল হক নূরু এবং তার তিন ছেলে -ইমদাদুল হক, শরিফুল হক ও সাজেদুল হক। শনিবার(১৫ আগষ্ট ) সকালে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নূরুল হকের গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। গোয়াল ঘর থেকে পাশের রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ইমদাদুলের স্ত্রী নিলুফা ইয়াসমিন জ্বলন্ত আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের দল প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে ।
স্থানীয়দের ধারণা মতে ফ্রিজের কম্প্রেসার ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এসময় সাতটি সেমিপাকা টিনশেড ঘর, তিনটি গোয়ালঘর ও তিনটি রান্নাঘর সহ নগদ সাড়ে ৯ লাখ টাকা পুড়ে গেছে।
