মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব

মোহনপুর প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলায় মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ৬নং জাহানাবাদ ইউনিয়নের চান্দোপাড়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই পরিদর্শন কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খাঁন। তিনি চান্দোপাড়ার কৃষক পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ বস্তায় আদা চাষ, উঠানে সবজি, পিয়াজ সংরক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, দেশের মসলা উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে উন্নত জাতের মসলা চাষ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নেই। সরকার কৃষকদের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন। কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্হাও করেছেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে ও সঠিক পরামর্শ দিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিপুল সংখ্যক চাষি উপস্থিত ছিলেন। কৃষকরা নতুন প্রযুক্তিতে মসলা চাষের অভিজ্ঞতা ও বিভিন্ন সুবিধার কথা অতিথিদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা, মহাপরিচালক আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডঃ মোঃ আজিজুর রহমান, রাজশাহী জেলার উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ডঃ মোঃ মোতালেব হোসেন, রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন অফিসার এস এম হাসানুজ্জামান, সহকারি আঞ্চলিক বিজ অফিসার ডঃ মোঃ তৈবুর রহমান।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট