নগরীতে পুলিশের অভিযানে নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে নারীসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ, ডিজিটাল মাপকযন্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার নগরীর শাহমখদুম, রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, কাটাখালী ও কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। নগর পুলিশ জানায়, নগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে বড়বনগ্রামের জিয়ারুল ইসলামের বাড়ি থেকে ৪১০ গ্রাম গাঁজা, একটি ডিজিটাল মাপকযন্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে আগে থেকেই সাতটি মাদক মামলা রয়েছে। রাজপাড়া থানা পুলিশ মনিরুল ইসলামকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। চন্দ্রিমা থানা পুলিশ শাহনাজ (৪৮) নামে এক নারীকে ১৩ পিস ইয়াবা ও ২ হাজার ৪৫০ টাকা নগদসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ উজ্জলের (৩৪) কাছ থেকে ১০ পিস এবং কাটাখালী পুলিশ ফাঁড়ি সরোয়ার জাহান ওরফে সুমনের কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
এদিকে নগর পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলাম রসুলকে (৪০) আটক করে। তার বাড়ি থেকে ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন, ৩৮ হাজার ৮২০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় পালিয়ে যাওয়া তার স্ত্রী রুমা খাতুনকে পরে একই রাতে পৃথক অভিযানে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
