নগরীতে অনুমোদন ছাড়াই দই, মিষ্টি ও ঘি বিক্রি করায় জরিমানা

স্টাফ রিপোর্টার

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মিষ্টি, দই ও ঘি উৎপাদন ও বিক্রি এবং পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না থাকায় রাজশাহীতে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নগরীর ভদ্রা মোড় এলাকার আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি করছে। এছাড়া নবায়ন ছাড়া দই ও ঘি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য বাধ্যতামূলক তথ্যও উল্লেখ ছিল না। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট