দুর্গাপুরে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর থানার একটি ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মাজিদকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্গাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মাজিদ উপজেলার সফলগাছী গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী নারী তার শিশু সন্তানকে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় আসামি চাতাল দিয়ে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১৫ জুলাই দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন মাজিদ।
