রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১০ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল, হেরোইন, এসকাফ সিরাপ ও গাঁজাসহ নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ এ অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থও জব্দ করা হয়েছে।
নগর পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া (সিটি বাইপাস) এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন ওরফে বাবু (৩২) ও মোছা. নার্গিসকে (৫০) গ্রেপ্তার করে। বাবুর কাছ থেকে ৩৯ পিস এবং নার্গিসের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নার্গিসের কাছ থেকে মাদক বিক্রির ১০ হাজার টাকা জব্দ করা হয়। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে সাজিদ (৩৩) ও তার সহযোগী রোজিনাকে (৪০) গ্রেপ্তার করা হয়। সাজিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে রোজিনা দীর্ঘদিন ধরে সাজিদের সহযোগিতায় মাদক কেনাবেচা ও সরবরাহে জড়িত বলে জানা গেছে। সাজিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় তিনটি, রাজপাড়া থানায় তিনটি ও কাশিয়াডাঙ্গা থানায় একটি এবং রোজিনার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে। একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া থানার জোতমহেষ পাঠানপাড়া এলাকায় রজনী খাতুন (৩১) নামে এক নারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে গেলেও বাড়ি তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে রজনীকে গ্রেপ্তার করা হয়। রাত ১০টার দিকে কাটাখালী থানার চককাপাশিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাপন কর্মকার (৩৫) ও মুরাদ হাসানকে (৩৭) গ্রেপ্তার করা হয়। পাপনের কাছ থেকে দুই বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার হরিয়ান দহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল বারীকে (২৩) ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আশিককে (৩৭) ৪৫৫ পিস ট্যাপেন্টাডল, ১৩ পিস ইয়াবা, ৫৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪ হাজার ৯৮০ টাকাসহ গ্রেপ্তার করে। রাত ১২টার দিকে একই এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে (২৪) ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪৯০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
