রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে তিন কারবারী আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা, চোলাইমদ, হেরোইন ও নগদ অর্থসহ তিন মাদক কারবারীকে আটক করা হয়েছে। চলমান অভিযানের অংশ হিসাবে নগর পুলিশ রোববার দিবাগত রাতে এ অভিযান চালায়।
নগর পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে বাপ্পি ওরফে হিটু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দাশপুকুর বৌ-বাজার গ্রামের মৃত বাবুর ছেলে। এ সময় তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪৩০ টাকা জব্দ করা হয়। রাত পৌনে ১টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়ায় বুলবুলির বসতবাড়িতে অভিযান চালায় বিশেষ মাদকবিরোধী টিম। এ সময় বহরমপুর ব্যাংক কলোনী গ্রামের মৃত আহাদ আলী সরকারের ছেলে মোস্তাক আহম্মেদকে (৪৬) আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০৫ গ্রাম গাঁজা, ১৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক বিক্রির ৮০০ টাকা জব্দ করা হয়। ভোর ৪টার দিকে আইডি বাগানপাড়ায় রাব্বুল শেখের (৬৫) বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত বুদু শেখের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ৯১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম গাঁজা ও ০.০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির ৩১ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। আটক তিনজনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
