বিএনপির স্থায়ী কমিটির বৈঠক প্রেসিডেন্ট মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত
ক্ষমতাসীন জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে কাকে মনোনয়ন দেয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপরই দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যগণ। গত শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত সদস্যগণ সিদ্ধান্ত গ্রহণের এই দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর দিয়েছেন বলে জানিয়েছেন একাধিক সদস্য। এছাড়া বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন, সাংগঠনিক কার্যক্রমসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলেও জানানো হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দীন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, ডা. এজেডএম জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন ড. আবদুল মঈন খান।
দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু পদত্যাগ জনিত কারণে প্রেসিডেন্টের পদ শূণ্য হয়েছে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এজন্য দলের পক্ষ থেকে কাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয়া হবে সেই দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যগণ। তিনিই সিদ্ধান্ত নিবেন বিএনপির পক্ষ থেকে কাকে এই পদে মনোনয়ন দেয়া হবে। স্থায়ী আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বলেন, স্থায়ী কমিটির সভায় প্রেসিডেন্ট নির্বাচন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয়সহ আরো বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার। সাংবিধানিক বিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ শূণ্য হলে স্পিকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে প্রেসিডেন্ট পদ শূণ্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনও জানিয়েছে যে তারা এই পদে নির্বাচন করতে প্রস্তুত আছে। ফলে তারা তফসিল ঘোষণা করবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে হবে। তাই দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদে কে প্রার্থী হবেন সেই দায়িত্ব দলের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া হয়েছে। যেহেতু উনি দলের চেয়ারম্যান তাই এই সিদ্ধান্ত উনি গ্রহণ করবেন যে, কাকে এই পদে মনোনয়ন দেয়া যায়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয় তাই ইতোমধ্যে উনি জানিয়েছেন যে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরাও দলের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি। সূত্র: ইনকিলাব
