ওয়ানডে অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলেছে। ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন দাসকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটনের হাতেই তুলে দেয়া হচ্ছে ওয়ানডের নেতৃত্বও। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। ফলে তিন সংস্করণে তিন অধিনায়ক থেকে সরে এসে আবারো দুই অধিনায়কের প্রথায় ফিরছে বিসিবি। এছাড়া জানা গেছে, সাদা বলের দুই সংস্করণেই সহ-অধিনায়ক করা হতে পারে তাওহিদ হৃদয়কে। ভবিষ্যতের অধিনায়ক হিসেবে বিবেচনা করা হচ্ছে এই তরুণ ব্যাটারকে। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে ইতিবাচক ছাপ রেখেছেন তিনি। শুরুতে ওয়ানডের দায়িত্ব আবার নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেয়ার আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সীমিত ওভারের দুই সংস্করণে একজন অধিনায়ক রাখার সিদ্ধান্তেই এগিয়েছে বোর্ড। এতে লিটন পেতে যাচ্ছেন বাড়তি দায়িত্ব। শান্ত মনোযোগ দেবেন শুধু টেস্ট ক্রিকেটে।

২০২৫ সালের জুনে ওয়ানডে দলের অধিনায়ক হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। পরে তার মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হলেও নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য আসেনি। বিশেষ করে বিদেশের মাটিতে তার অধিনায়কত্বে ১৩ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র দু’টি ম্যাচ। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই নেতৃত্বে এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বিসিবি। সূত্র: নয়া দিগন্ত

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট