সাকিবকে ছাড়িয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় তারকা পরীমনি

বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে এখন দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি। বর্তমানে পরীমনির ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে অনুসারীর সংখ্যায় দেশের তারকাদের মধ্যে এখন শীর্ষস্থান দখল করেছেন পরীমনি। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকাই পরীমনির জনপ্রিয়তার অন্যতম কারণ। ব্যক্তিজীবন, সন্তানদের বেড়ে ওঠা, ভ্রমণ, ফটোশুট ও কাজের আপডেট নিয়মিত ভাগ করে নেওয়ায় অনুসারীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সংযোগ তৈরি হয়েছে। সম্প্রতি কন্যাসন্তানকে নিয়ে পোস্ট করা একটি ভিডিও মাত্র ২২ ঘণ্টায় প্রায় ১৫ লাখবার দেখা হয়েছে। এতে ৭৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ২ হাজার মন্তব্য এসেছে। এর আগের দিনের একটি সাধারণ ছবিও পেয়েছে ৪৮ হাজারের বেশি প্রতিক্রিয়া।

শীর্ষস্থান দখলের বিষয়ে পরীমনি বলেন, তিনি জীবনের ছোট ছোট মুহূর্তও সবার সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। বাস্তব জীবনের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেকে উপস্থাপন করেন বলেই মানুষ তাঁকে আপন মনে করেন। অনুসারীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই। উল্লেখ্য, ফেসবুক অনুসারীর সংখ্যায় পরীমনি ও সাকিবের লড়াই নতুন নয়। ২০২৩ সালেও দুজনের অনুসারী প্রায় সমান ছিল। পরে সাকিব এগিয়ে গেলেও এবার ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান নিজের করে নিয়েছেন পরীমনি। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট