নাটোরে হালতি বিলে অভিযান ৪ নৌকা-বাদাই জাল জব্দ, ৭৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গার হালতি বিলে অভিযান চালিয়ে চারটি নৌকা ও ৯০০ ফুট দৈর্ঘ্যের দুটি বাদাই জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলেদের কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হালতি বিলের পাটুলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান এবং উপজেলা সহকারী ভূমি কমিশনার শামীম হোসেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ হোসেন উপস্থিত ছিলেন। নলডাঙ্গা থানা-পুলিশ অভিযানে সহযোগিতা করে।

জানা গেছে, দেশীয় প্রজাতির পোনা মাছ রক্ষায় হালতি বিলে গতকাল রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। হালতি বিলের পাটুল ও খোলাবাড়িয়া এলাকায় অবৈধ বাদাই জাল দিয়ে পোনা মাছ শিকার করছিল অসাধু জেলেরা। অভিযানে ৩ লাখ টাকা মূল্যের ৯০০ ফুটের দুটি বাদাই জাল, চারটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী দুটি মামলায় জেলেদের কাছ থেকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। পরে রাত ১২টার দিকে অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট