নগরীতে পুলিশের অভিযানে ৮ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজপাড়া, কাশিয়াডাঙ্গা, কাটাখালী ও বেলপুকুর থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে আট করেছে। গত বুধবার দিন ও রাতে এ অভিযান চালায় থানা পুলিশ। আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার শাপলা লেন এলাকার ইমাম হোসেনের ছেলে ইমরান হোসেন ওরফে পলাশ (৩৫), কাশিয়াডাঙ্গা থানার সিটি গেইট এলাকার সেন্টু হোসেনের ছেলে নূর আমীন সোহাগ (১৮), কাটাখালী থানার নওদাপাড়া এলাকার জালালের ছেলে স্বপন (৩৫), শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার মৃত মোকাব্বর শেখের ছেলে মুস্তাকিন (৪৮), হরিয়ান উত্তরপাড়া এলাকার মৃত কলিম উদ্দীনের ছেলে সাইদুর ইসলাম (৩৫) ও রহিদুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৪)। এছাড়া রাজশাহী জেলার পুঠিয়া থানার শিবপুর হাট (শিবপুর) এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে মারুফুর ওরফে মারুফ (২৫) ও এনামুল হক বাবুকে (৫৮)।
নগর পুলিশ জানায়, কাশিয়াডাঙ্গা থানা থানা পুলিশ অভিযান চালিয়ে মদসহ এনামুল হক বাবুকে (৫৮) আটক করে। তিনি হড়গ্রাম রাণীদিঘী গ্রামের মুনসুর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার সাড়ে ৮টায় কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া লিলিহল গোলচত্বর কড়ইতলা মোড় হতে এনামুল হক বাবুকে আটক করা হয়। তার কাছ থেকে ৪৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিকে, বুধবার বেলা ১১টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর কামালখাঁ এলাকা থেকে ইমরানকে, একই দিন বিকেল সাড়ে ৫টায় কাশিয়াডাঙ্গা থানার সিটি গেইট এলাকা থেকে নূর আমীনকে, রাত সোয়া ১০টায় কাটাখালী থানার নওদাপাড়া এলাকা থেকে স্বপনকে এবং একই সময়ে শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে মুস্তাকিনকে আটক করা হয়। এছাড়া গত ৩০ জুন রাত ১০টায় কাটাখালী থানার বাখরবাজ উত্তরপাড়া এলাকা থেকে সাইদুর ও নাহিদকে এবং বুধবার রাত ৯টায় বেলপুকুর থানার দোমাদী এলাকা থেকে মারুফকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশী চালিয়ে ৪৫ গ্রাম গাঁজা, ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ০.৫ গ্রাম হেরোইন, ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১০ হাজার ১শ’ ২০ টাকা জব্দ করা হয়।
