রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
স্টাফ রিপোর্টার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় রুয়েট ক্যাম্পাসে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এরপর দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচি বাস্তবায়নে আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক দুই লক্ষ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরমধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বৃক্ষরোপণে এগিয়ে এসেছে। এজন্য সকলকে ধন্যবাদ জানাই। এ সময় রাসিক প্রশাসক নগরবাসীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচিতে রুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাক, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডঃ মো রবিউল ইসলাম, রেজিস্টার আরিফ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন সহ রুয়েটের অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
