কৃষকদের উদ্বুদ্ধ করতে রাজশাহীতে ফল ও আম মেলার আয়োজন

স্টাফ রিপোর্টার

রাজশাহীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত) এর অর্থায়নে শুরু হয়েছে ‘ফল ও আম মেলা-২০২৬’। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর রেলগেট খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় চত্ত্বরে মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহীর আম দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রসার এবং ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক, আমচাষি, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এবারের মেলায় বিভিন্ন জাতের আম ও মৌসুমি ফলের আকর্ষণীয় প্রদর্শনীর পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। এছাড়া মেলা প্রাঙ্গণে কৃষকদের জন্য বিভিন্ন তথ্যসেবাও প্রদান করা হচ্ছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট