নগরীতে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
মিথ্যা, হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের অভিযোগ এনে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি এবং রাজশাহী জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী পারভেজ রানা। গতকাল শনিবার রাজশাহীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে পারভেজ রানা বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং ২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি জানান, গত ১৬ জুলাই ফাহিমা নামে এক নারীর ব্যবসা-সংক্রান্ত বিরোধের বিষয়ে আপস-মীমাংসার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে পরে তার, শাহিনুর রহমান, সুমন ইসলামসহ মোট ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়। তার দাবি, ঘটনার সময় উপস্থিত না থাকা ব্যক্তিদেরও ওই মামলায় আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো ,ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, মিথ্যা অভিযোগের দ্রুত আইনগত নিষ্পত্তি, অভিযুক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপপ্রচার ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। সংবাদ সম্মেলনে গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিদুর রহমান এবং হারিয়ানকুঠি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন ইসলাম উপস্থিত ছিলেন।
