নগরীতে ৬৬ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা
স্টাফ রিপোর্টার
গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনের সরিৎ দত্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী মহানগরীর শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে সারা দেশের ন্যায় আগামী ২৮ জুন রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এই ক্যাম্পেইনের আওতায় মহানগরীর মোট ৬৬ হাজার ৩৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ওই দিন ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১ শত ১৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২ শত ৮২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মহানগরীতে মোট ৩৮৪টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
মহানগরবাসীর স্বাস্থ্য সেবায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী আমাকে মহানগরবাসীর সেবায় নিয়োজিত করেছেন। আমি নাগরিকদের মৌলিক চাহিদাগুলো বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছি। স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের বৈপ্লবিক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। বিশেষ করে বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ায় হার্টের স্টেন্ট, চোখের লেন্স ও ডায়ালিসিসের মতো ব্যয়বহুল চিকিৎসায় আমদানী শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে ফলে জটিল রোগের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে, যা আগে অনেকের জন্য দুঃসাধ্য ছিল।
বিগত সময়ে হাম ও রুবেলার প্রকোপ মোকাবিলায় গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপের কথা স্মরণ করে প্রধান অতিথি বলেন, সকলের সচেতনতা ও সহযোগিতার ফলেই রাজশাহী এই সংকট থেকে রক্ষা পেয়েছে। তিনি পূর্ববর্তী সময়ের অবহেলার সমালোচনা করে বলেন, টিকা কার্যক্রমে গাফিলতির কারণে অতীতে অনেক শিশুকে হারাতে হয়েছে, যা বর্তমান সরকার কঠোরভাবে প্রতিরোধ করছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহিদা ইয়াসমিন ও পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ড. কস্তুরি আমিনা কুইন ও ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং গণমাধ্যমকর্মীগণ। উল্লেখ্য ২৮ তারিখ সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানো হবে। তবে ওয়ার্ড কার্যালয়সমূহে সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত টিকা খাওয়ানো কার্যক্রম চলমান থাকবে।
