রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের মেহেদী উৎসব
স্টাফ রিপোর্টার
রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, সাংস্কৃতিক চর্চা এবং প্রজন্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ জাহানারা আক্তার বানু এবং রাজশাহী কলেজ প্রাণিবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কালাম মুরশেদ কাজেম। এছাড়াও বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, অ্যালামনাই সদস্য এবং প্রাণিবিদ্যা বিভাগের বিপুল সংখ্যক বর্তমান শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। মেহেদী উৎসবে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের হাতে নান্দনিক নকশায় মেহেদী অঙ্কন করেন। এ সময় পুরো ক্যাম্পাসে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, আনন্দঘন আড্ডা, স্মৃতিচারণ, ফটোসেশন এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।
