পুঠিয়ায় পান বরজে গাঁজা চাষ, ৬টি গাছসহ আটক ১
স্টাফ রিপোর্টার
রাজশাহী র্যাব-৫ এর সদস্যরা পুঠিয়া উপজেলার এক পান বরজে অভিযান চালিয়ে এক গাঁজা চাষিকে আটক করেছে।এ সময় তার বরজ থেকে ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১টার দিকে এ অভিযান চালায় র্যাব। আটককৃর নাম সাহাবুর মোল্লা (৩৫)। তিনি পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামের বাসিন্দা মমিন মোল্লার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পুঠিয়া থানার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পানের বরজ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন সাড়ে ৮ কেজি।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রির উদ্দেশ্যেই তিনি চাষ করেছিলেন বলেও স্বীকার করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজশাহীর পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
