নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ২
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর চন্দ্রিমা ও কাটাখালী থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ২ মাদক কারবারীকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় থানা পুলিশ। আটককৃতরা হলো, নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া গ্রামের আসলামের স্ত্রী মাজেদা বেগম (৫৩) ও মতিহার থানার চর শ্যামপুর গ্রামের আবু সামার ছেলে সেলিম ওরফে ক্যাপসুল (৪০)।
নগর পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকা থেকে মাজেদাকে ও একই রাত পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ক্যাপসুলকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে মাজেদার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১টি বাটন মোবাইল ফোন এবং ক্যাপসুলের কাছ থেকে ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক মাজেদা বেগমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া সেলিম ওরফে ক্যাপসুলের বিরুদ্ধে মতিহার থানায় ৪টি মাদক মামলা এবং ১টি পেনাল কোড ও ১টি জুয়া আইনে মামলা চলমান রয়েছে।
