গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড় এলাকায় নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত হলো, আমিনুল ইসলাম স্বপন (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার মৃত ইলিয়াস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবির একটি দল মহিষালবাড়ী বাজার মোড় ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ডাইংপাড়া মোড় এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে বিকেল ৪টা ২০ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি সাদা পলিথিনের ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
