শিল্পায়নের দাবি চাষিদের নওগাঁয় মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম

স্টাফ রিপোর্টার

রাজশাহী দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা হলেও পাশবর্তি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ গুরুত্বও কম নয়। আম উৎপানে এই দুই জেলারও সুখ্যাতি রয়েছে। বিশেষ করে নওগাঁ জেলাজুড়ে গাছে গাছে এখন আমের সমারোহ। বাজারে আসার অপেক্ষায় জনপ্রিয় আম আম্রপালি। তবে ভালো ফলনের আশার মধ্যেও দুশ্চিন্তায় আছেন চাষিরা। উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে সিন্ডিকেটের প্রভাব এবং প্রক্রিয়াজাত শিল্পের অভাবে প্রতিবছর ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নষ্ট হয় বিপুল পরিমাণ আম। এতে ক্ষতির পরিমান প্রায় ৩০০ কোটির সমান। এবারও তেমন কিছুর আশঙ্কা করছেন চাষি ও ব্যবসায়ীরা।

চাষিরা বলছেন, প্রতিবছর উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি বাড়লেও মিলছে না কাক্সিক্ষত দাম। এছাড়া ফলন বেশি হলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজারে আমের দাম কমিয়ে দেন। ফলে নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। অন্যদিকে হিমাগার ও আমকেন্দ্রিক কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় মৌসুমে নষ্ট হচ্ছে প্রায় ৩০০-৪০০ কোটি টাকার আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় চলতি মৌসুমে ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে আম উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন। গেল বছর জেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছিল এবং যা থেকে উৎপাদন হয়েছিল ৩ লাখ ৭৫ হাজার মেট্রিক টন আম। সাপাহার উপজেলার কুচকুড়িলিয়া গ্রামের আমচাষি রেদওয়ানুর রহমান মুন বলেন, আম্রপালি আম পাকা শুরু হলে ২৫-৩০ দিনের মধ্যেই তা শেষ হয়ে যায়। কৃষক চাইলেও তখন আর কোনোভাবে আম গাছে রাখতে পারে না। বাজারে আমের আমদানি বেশি হলে ব্যবসায়িরা সিন্ডিকেট করে আমের দাম কমিয়ে দেন। তখন কৃষকদের বাধ্য হয়ে কম দামে আম বিক্রি করতে হয়। এতে করে আমরা সাধারণ কৃষকরা লোকসানের মুখে পড়ি। বড় কোনো হিমাগার অথবা আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষকরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে।

পোরশা উপজেলার আমইড় গামের আমচাষি মতিউর রহমান বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আবহাওয়া শুরু থেকেই আম চাষের অনুকূলে না। যার কারণে প্রায় সব বাগানেই আমের পরিমাণ কম। গত বছর মানভেদে আম্রপালি আম মণ প্রতি ১৫০০-৪০০০ হাজার টাকা দরে বিক্রি করেছি। এ বছর ৩ হাজার টাকার কমে আম বিক্রি হলে উৎপাদন খরচ ওঠানো সম্ভব হবে না। আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান বা ম্যাংগো প্রসেসিং জোন থাকলে কৃষকরা আমের ন্যায্য মূল্য পাবে।

সাপাহার উপজেলা আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, সারা দেশের মধ্যে সবচেয়ে বড় আমের হাট সাপাহার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ব্যবসায়ী প্রতিবছর এখানে আম কেনাবেচা করতে আসেন। এ বাজারে মৌসুমে ৬ হাজার থেকে সাত হাজার কোটি টাকার আম কেনাবেচা হয়। আমাদের যা আম উৎপাদন হয় তার ২০ শতাংশ আম নষ্ট হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৩০০-৪০০ কোটি টাকা। এখানে আম-কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান তৈরি হলে কৃষকদের পাশাপাশি ব্যবাসয়ীরাও লাভবান হবেন। তাই দ্রুত সময়ের মধ্যে এখানে আমকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।

নওগাঁ কৃষি সম্প্রপসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মন্ডল বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে ভারী শিল্প স্থাপনের বিষয়ে বিভিন্ন সমন্বয় মিটিংয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়। কৃষি বিভাগের একটি প্রজেক্ট রয়েছে রপ্তানিযোগ্য আম উৎপাদন। আমরা সেখানে সাপাহার অঞ্চলে কুলিং হাউস এবং প্যাকিং হাউস নির্মাণের বিষয়ে সুপারিশ করেছি। এই প্রতিষ্ঠানগুলো তৈরি হলে কৃষকরা লাভবান হবেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট