জয়পুরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ের ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ‘ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে রঙ বেরঙের বেলুন ও বর্ণিল ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন- জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি।
জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে- নবাগত পুলিশ সুপার শাহনাজ বেগম ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি জেসমিন নাহার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান সুইট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালক ও বালিকা গ্রুপের মোট ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে বালিকা গ্রুপের প্রথম খেলায়- ক্ষেতলাল উপজেলার তিলাবদুল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০গোলে আক্কেলপুর উপজেলার রামশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ও দ্বিতীয় খেলায়- জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০গোলে পাঁচবিবি উপজেলার বীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং বিকালে বালক গ্রুপের প্রথম খেলায়- আক্কেলপুর উপজেলার তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-১গোলে ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ও দ্বিতীয় খেলায়- পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০গোলে জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে নিজ নিজ গ্রুপে সেমিফাইনালে উঠেছে। রোববার এ টুর্নামেন্টের বালক ও বালিকা গ্রুপের দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
