দুর্গাপুরে অবৈধ পুকুর খননে মামলা, রক্ষা পেল তিন ফসলি আবাদি জমি
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন প্রতিরোধ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি বিক্রি বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ভেকু মেশিন অকেজো করে দেওয়ায় রক্ষা পেয়েছে তিন ফসলি আবাদি জমি। রোববার ১ মার্চ দুপুরে উপজেলার ২ নং কিসমতগণকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি খনন কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন অকেজো করা হয় এবং এর ব্যাটারি ধ্বংস করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর: ৭, তারিখ: ২৫.০২.২০২৬। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “তিন ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
