সিংড়ায় বিনা অনুমতিতে কৃষিজমিতে পুকুর খনন, ১ লাখ টাকা জরিমানা

সিংড়া প্রতিনিধি

বাংলাদেশে উর্বর কৃষিজমিতে বিনা অনুমতিতে পুকুর খনন আইনগতভাবে সীমিত বা নিষিদ্ধ। ভূমির শ্রেণি পরিবর্তন না করে পুকুর খনন করলে জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তবু সরকারি নির্দেশ অমান্য করে নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খননের অপরাধ করেছেন দুজন। তাদের দুজনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম ও পুকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমিতে ভেকু দিয়ে পুকুর খনন করেন ছোট চৌগ্রাম এলাকার মো. রনি ও পুকুরপাড়া এলাকার রত্না পারভীন।

 সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ছোট চৌগ্রাম এলাকার মো. রনিকে ৫০ হাজার টাকা ও পুকুরপাড়া এলাকার রত্না পারভীনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি বলেন, কৃষিজমি নষ্ট করে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট