সোনামসজিদ স্থলবন্দরে আট দিন ধরে বন্ধ পাথর আমদানি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি টানা ৮ দিন ধরে বন্ধ রয়েছে। কয়েকজন ভারতীয় রপ্তানিকারকের ‘হটকারী সিদ্ধান্তে’ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশি আমদানিকারকরা। এতে পুরো বন্দর এলাকায় স্থবিরতা নেমে এসেছে এবং কাজের অভাবে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। আমদানিকারকদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই ভারতীয় রপ্তানিকারকরা মহদিপুর কাস্টমস কর্তৃপক্ষের নাম ব্যবহার করে পাথরের এলসি ভ্যালু বৃদ্ধি করেছেন। এর প্রতিবাদে গত ২ মে থেকে ভারতীয় ব্যবসায়ীরা পাথর রপ্তানি বন্ধ রেখেছেন। ব্যবসায়ীরা জানান, এতদিন প্রতি টন পাথর ১৩ ডলার মূল্যে এলসির মাধ্যমে আমদানি করা হতো। কিন্তু হঠাৎ করে ভারতীয় পক্ষ প্রতি টনের মূল্য আরও ২ ডলার বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় নতুন করে সংকট তৈরি হয়েছে। এমনিতেই ব্যবসায়ীরা লোকসানের মধ্যে ছিলেন, তার ওপর অতিরিক্ত মূল্য নির্ধারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

পাথর আমদানি বন্ধ থাকায় সোনামসজিদ স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সাধারণ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৩০০টি পাথরবোঝাই ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করলেও বর্তমানে সেই কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, পাথর আমদানি বন্ধ থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারক, পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে এ পরিস্থিতি চলতে থাকলে দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট