বিদেশি পর্যটক হেনস্তার ভাইরাল ভিডিও, সমালোচনার ঝড়
নতুন প্রভাত ডেক্স
রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার নাটোরের লালপুর উপজেলার গ্রীণ ভ্যালীতে।City & Local Guides
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি দুই পর্যটককে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। এ সময় পর্যটকদের অস্বস্তিতে পড়তে দেখা যায়। ভিডিওতে উপস্থিত কয়েকজনের আচরণকে ‘বিব্রতকর’ ও ‘অশোভন’ বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
ঘটনার পর থেকেই ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকে বলছেন, এ ধরনের আচরণ দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বার্তা বহন করে। বিদেশি অতিথিদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করার পরিবর্তে কিছু মানুষ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার আশায় এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলেও মন্তব্য করেন অনেকে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহল বলছে, পর্যটকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
