পুঠিয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বাড়ি ও ৭টি ছাগল পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ভরতমাড়িয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে সাতটি ছাগল। গতকাল শুক্রবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে শিশমাড়িয়ার গোলাম মোস্তফার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘর ও পাশের টিনশেড বসতবাড়িগুলোতে। পরে গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোলাম মোস্তফার তিনটি টিনশেড বাড়ি, ঘরের প্রয়োজনীয় মালপত্র এবং সাতটি ছাগল সম্পূর্ণ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।  আকস্মিক অগ্নিকাণ্ডে পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট