রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসাসহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী জেলা পরিষদের কোটি কোটি টাকার বড় প্রকল্প না থাকলেও ছোট ছোট উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, যেগুলো সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “জেলা পরিষদ রাজশাহী সিটি কর্পোরেশন-সহ  ৯ উপজেলা নিয়ে কাজ করছে। সে তুলনায় বরাদ্দ সীমিত হলেও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আলোচনা সভা শেষে ১৪ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৫ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, প্রধান সহকারী এ.কে.এম. এ.এস.এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলেফ আলী।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট