পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহতের ঘটনায় ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাংচুর

পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহতের ঘটনায় ট্রাকে আগুন, পুলিশের গাড়ি ভাংচুর

পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় আক্কাস আলী নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এদিকে এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ড্রাম ট্রাকে আগুন দিয়েছেন। খবর পেয়ে পবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। নিহত আক্কাস রাজশাহীর চারঘাট উপজেলা সদরের থানাপাড়া এলাকার বাসিন্দা। তবে ওই এলাকায় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এছাড়া যে ট্রাকের ধাক্কায় আক্কাস নিহত হন সেই ট্রাকে তারা আগুন জ্বালিয়ে দেন। একই সঙ্গে আরও একটি ড্রাম ট্রাক আটকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে তারা ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুঠিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ। পরে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট