সম্পাদকীয়

পারমাণবিক বিদ্যুতের পথে বাংলাদেশ

বহুল প্রত্যাশিত-প্রতিক্ষিত রূপপুর পারমানবিক বিদ্যুত প্রকল্পের রি-অ্যাক্টরে ইউরেনিয়াম জ্বালানি লোডিং করা শুরু হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম পারমানবিক চুল্লিতে জ্বালানি লোডিং উদ্বোধন করেন। পারমানবিক বিদ্যুত প্রকল্পের উৎপাদনে যাওয়ার ক্ষেত্রে এটি একটি অতি গুরুত্বপূর্ণ স্তর। নি:সন্দেহে জাতির জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এরপর আরো কিছু কারিগরি ও অবকাঠামোগত প্রস্তুতি শেষে আগামি আগস্টে বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদন শুরু করবে বলে গতকাল গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়। এর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদির রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের শুরু থেকে দীর্ঘ ৬৫ বছরের স্বপ্নযাত্রা তার অভীষ্ঠ লক্ষ্যে পৌছতে যাচ্ছে। বাংলাদেশ হতে যাচ্ছে বিশ্বের পারমানবিক বিদ্যুৎ ক্লাবের ৩৩তম সদস্য রাষ্ট্র। এই প্রকল্পকে ঘিরে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে, সেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্ব তুলে ধরে আওয়ামী লীগ সমর্থকদের পোস্ট দিতে দেখা গেছে। তবে রূপপুর পারমানবিক প্রকল্পের উদ্যোক্তা ও স্বপ্নদ্রষ্টা ছিলেন পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান। তিনিই প্রথম এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা বাস্তবায়নে পাবনার ঈশ্বরদির রূপপুরে ১৯৬১ সালে প্রায় ৩শ একর জমি অধিগ্রহণ করে কাজের অবকাঠামো উন্নয়নের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ বাস্তবায়ন করেন। কিন্তু ১৯৬৯ সালের মার্চ মাসে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করার পর জেনারেল ইয়াহিয়া খানের সরকার রূপপুর প্রকল্পের কাজ স্থগিত করে দেন। স্বাধীনতাত্তোর বাংলাদেশে ১৯৯৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে উপনীত হয়েছিল বলে জানা যায়। পরবর্তীকালে হাসিনা সরকারের সময় প্রকল্পটি গ্রহণ করা হয়। তবে এই প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনা ও তার পরিবার ৬৯ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ আছে। দেশের সামগ্রিক উন্নয়ন সরকারের একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎখাতের উন্নয়ন, বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন অবকাঠামোখাতের মেগা প্রকল্পগুলো তারই প্রকৃষ্ট উদাহরণ। তবে উন্নয়নের নামে লাগামহীন দুর্নীতি, অস্বচ্ছতা, বিদেশে অর্থপাচারের মধ্য দিয়ে দেশের ব্যাংকিং সেক্টর ও অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে দেয়ার মত নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার। জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রগুলোকে কাজে লাগানোর বদলে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকেই ঝুঁকির মুখে ঠেলে দেয়া হয়েছিল। পরিবর্তিত আঞ্চলিক-আন্তর্জাতিক বাস্তবতায় দেশের অর্থনীতি, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা এক নতুন সংকটের সম্মুখীন। আগামীর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় জ্বালানি, রফতানি বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তায় বহুমুখী বিকল্প উদ্যোগ গ্রহণ করতে হবে। রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৬০ বছর নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।
 
পারমানবিক বিদ্যুতের উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম হওয়ার কথা। তবে আমাদের প্রকল্পের অস্বাভাবিক উচ্চ ব্যয়, বৈদেশিক ঋণনির্ভরতা এর উৎপাদন খরচ ও অর্থনীতির উপর বাড়তি চাপ ও বিরূপ প্রভাব সৃষ্টি করবে। ভারতে নির্মিত প্রায় একই সক্ষমতার পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয়ের চেয়ে রূপপুর প্রকল্পের নির্মাণ ব্যয় দ্বিগুণের বেশি বলে জানা যায়। এমনকি ইউরোপের দেশগুলোতে নির্মিত পারমানবিক বিদ্যুতকেন্দ্রের নির্মাণ ব্যয়ের চেয়ে রূপপুরের ব্যয় অনেক বেশি। প্রাথমিক প্রাক্কলনে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রায় ৬ টাকা বলে ধরা হলেও বর্তমানে এই খরচ ১২টাকার উপরে উঠেছে। এক লাখ ৩৮ হাজার কোটি টাকায় নির্মীয়মান এই প্রকল্পের ৯০ শতাংশই রাশিয়া থেকে ঋণ নেয়া হচ্ছে। বিগত সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে দেশের প্রথম ও একমাত্র পারমানবিক বিদ্যুৎ প্রকল্পও তা থেকে মুক্ত নয়। শেষ পর্যন্ত প্রকল্পের সফল পরিসমাপ্তি নিয়ে এক ধরণের অনিশ্চয়তাও ছিল। সে অনিশ্চয়তা দূর করে বর্তমান সরকার রূপপুর পারমানবিক প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন প্রক্রিয়া এগিয়ে নিতে সক্ষম হচ্ছে। এটা দেশের জন্য খুবই আশাব্যঞ্জক খবর। সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts

  • বিশ্ববিদ্যালয়ে সংযমই শ্রেয়

    গত বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে ডাকসুর সমাজসেবা স¤পাদক এ বি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক স¤পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ হামলা ও মারধরের শিকার হয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে তারা বিজয়ী হন। হামলার কারণ সম্পর্কে ডাকসুর সাধারণ স¤পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার স¤পাদক এস এম ফরহাদ…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন
  • লেবাননে নিষিদ্ধ সাদা ফসফরাসের ব্যবহার

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর ইরানে আঘাত হানার পর আজ তেরোটি দিন পার হয়ে গেছে। সময়ের স্রোতে ভেসে যেতে যেতে এখন যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে—এই যুদ্ধ এত সহজে শেষ হওয়ার নয়, যতক্ষণ না আক্রমণকারীরা নিজেরাই পিছু হটে। শুরুতে তাদের মনে হয়েছিল, এক ঝটকাতেই ইরানকে ভেঙে ফেলা যাবে; যেন দাবার বোর্ডে এক চালেই প্রতিপক্ষের…

    ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন