ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং’ ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। চলমান কূটনৈতিক অচলাবস্থার মধ্যে ওয়াশিংটনের এ পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উত্তাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ স্থানান্তর হয়েছে, যা ইরানের বিভিন্ন কার্যক্রমে অর্থায়নে ব্যবহৃত হয়েছে। এ নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য ঝুঁকি হিসেবে দেখছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এসব নেটওয়ার্ককে সহায়তা করা আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে। তার এই সতর্কবার্তা নিষেধাজ্ঞার পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

এর আগে চলতি মাসেই ইরানকে সহায়তার অভিযোগে আরও ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। অস্ত্র সংগ্রহ ও পরিবহন সংশ্লিষ্ট অভিযোগে ইরান, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ব্যক্তি, সংস্থা ও বিমানও সেই তালিকায় ছিল।

বিশ্লেষকদের মতে, নতুন এই নিষেধাজ্ঞা শুধু অর্থনৈতিক চাপ নয়, বরং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানেরও নতুন বার্তা। এতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়তে পারে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts