সানি দেওলের পুত্রবধূ হচ্ছেন সারা টেন্ডুলকার?
বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের সঙ্গে বিয়ে হতে যাচ্ছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের- সম্প্রতি এমন খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। তবে এই খবরের সত্যতা নাকচ করেছেন সারার ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সারা ও রাজবীরের বিয়ের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। এমনকি দুজনের কখনো দেখাও হয়নি বলে দাবি করেছেন সারার ঘনিষ্ঠ এক ব্যক্তি।
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, দেওল পরিবারের পুত্রবধূ হতে যাচ্ছেন সারা। এরপর থেকেই দুই তারকা পরিবারের মধ্যে সম্ভাব্য আত্মীয়তার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। এর আগে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল। যদিও তাঁদের সম্পর্কের বিষয়ে কখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শচীন টেন্ডুলকারের মেয়ে সারা বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, সানি দেওলের ছোট ছেলে রাজবীর ২০২৩ সালে ‘দোনো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। সূত্র: ইনকিলাব
