রাজশাহীতে আজহারীর  মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিল। মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানাতে মোজো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আয়োজকদের পক্ষে বক্তব্য দেন তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ড. ত্বহা বিন জহুরুল ইসলাম।

আয়োজকরা জানান, মাহফিলের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন মহল এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা থাকবে। এ ছাড়া শাহ্ মখদুম (রা.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নারীদের বসে এলইডি স্ক্রিনের মাধ্যমে মাহফিল দেখা ও শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৩টা থেকে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এতে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর পেশ করবেন শায়খ ড. মিজানুর রহমান আজহারী। পাশাপাশি দেশবরেণ্য মুফাসসিররাও তাফসীর পেশ করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। সংবাদ সম্মেলনে ড. ত্বহা বিন জহুরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের মাধ্যমে মাহফিলের প্রচার-প্রচারণা ও বিস্তারিত তথ্য দেশবাসীর কাছে পৌঁছে দিতে সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানান আয়োজকরা। আয়োজকরা ঐতিহাসিক এ তাফসীর মাহফিল সফল করতে মোজো সাংবাদিক, গণমাধ্যমকর্মী, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট