বাগমারায় তিন প্রতিবন্ধীর পাশে ইউএনও
স্টাফ রিপোর্টার, বাগমারা
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নাজিম উদ্দিনের পরিবারের ৩ শারীরিক প্রতিবন্ধী সদস্যের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিবারের অসহায়ত্বের কথা ও দ্রুত প্রয়োজনের কথা বিবেচনা করে নগদ টাকা ও শুকনো খাবার প্রদানসহ সহায়তার আশ্বাস দেন তিনি। উপার্জনশীল বাবা অসুস্থসহ একই পরিবারের তিনজন প্রতিবন্ধীর সংসার। এমন খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে ছুটে গেলেন ইউএনও রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মিজানুর রহমান। পরিবারের প্রধান বাবা, ছেলে, মেয়ে কেউই স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না। উপার্জনের কেউ নেই, ঘরে খাবার নেই। প্রতিবন্ধী নাজিম উদ্দিন দুই সন্তানের জনক। তার ছেলে আব্দুল জলিল ও মেয়ে নাজমা খাতুনও প্রতিবন্ধী। শয্যাশায়ী বাবা ও দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটছে পরিবারটির। অসহায় এই পরিবারটির দুর্দশার খবর নজরে আসার পর বাগমারার ইউএনও তাঁদের খোঁজ নেন এবং সরকারি সহায়তার হাত বাড়িয়ে দেন। (এর আগে ২০২৫ সালে উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আরেকটি প্রতিবন্ধী পরিবারের পাশেও উপজেলা প্রশাসন থেকে আর্থিক ও স্থায়ী উপার্জনের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছিল। আবারো একই ভাবে উপজেলা প্রশাসন শ্রীপুর ৩ প্রতিবন্ধীর বাড়িতে গিয়ে তাঁরা তিনজনের শারীরিক অবস্থার খোঁজ নেন। এরপর পরিবারটির হাতে তুলে দেন নগদ ১০ হাজার টাকা ও শুকনো খাবার। এ সময় পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়ে। অসহায় নাজিম উদ্দিন বলেন, এতদিন কেউ এভাবে খোঁজ নিতে আসেনি। ইউএনও ম্যাডাম ও এসিল্যান্ড স্যার এসে পাশে দাঁড়ানোয় আমরা নতুন করে বাঁচার সাহস পেলাম।
ইউএনও রিজু তামান্না বলেন, ফাইলের বাইরেও প্রশাসনের একটি মানবিক মুখ আছে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা। এসিল্যান্ড মিজানুর রহমান বলেন, এই পরিবারটির পাশে আমরা সবসময় থাকবো। তাদের যেন আর না খেয়ে থাকতে না হয়, সে ব্যবস্থা করা হবে।
