সম্পাদকীয়

দ্রুত অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে হবে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে। অসময়ের এই বৃষ্টিতে যেমন জনজীবনের স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়েছে, তেমনি এই বৃষ্টি ফসলের জন্য আল্লাহর রহমত হয়েও এসেছে। এই সময়ে নদী-নালা, খাল-বিল শুষ্ক থাকে। ইরি-বোরোসহ শীতকালীন শাক-সবজিসহ বিভিন্ন ধরনের ফসলাদির জন্য পানির প্রয়োজন হয়। অসময়ের এই বৃষ্টি কৃষকদের ফসল ফলানোর জন্য ব্যাপক কল্যাণ বয়ে এনেছে। এতে ফসল উৎপাদন ভালো হবে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখা সম্ভব হবে। এটাও বাস্তবতা, সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত টাকা না থাকলে ব্যাপক খাদ্য থাকলেও তা কেনা সম্ভব হয় না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি দীর্ঘদিন ধরে শোচনীয় অবস্থায় রয়েছে। যুদ্ধবিগ্রহের কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার ধাক্কা অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির গতিকে ধীর করে দিয়েছে। সরকার অর্থনীতির মন্দাবস্থা কাটাতে চেষ্টা করলেও তার আশু সুফল পেতে সময় লাগবে। তবে সরকারের মন্ত্রী-এমপিদের মধ্যে অর্থনীতির নাজুক পরিস্থিতি কাটাতে যতটা তৎপরতা দেখানো উচিৎ, তা দেখা যাচ্ছে না। তাদের কথার চেয়ে কাজের গতি কম। অর্থনীতির প্রায় প্রত্যেকটি সূচক নিম্নগামী। মূল্যস্ফীতি, মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি, বিনিয়োগ, আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতায় পুরো অর্থনীতি ধুঁকছে। এডিবি বাস্তাবয়ন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। অথচ এডিবি বাস্তবায়ন গতি পেলে অর্থনীতির চাকা কিছুটা হলেও সচল হতো। মানুষের কর্মসংস্থানসহ অর্থপ্রবাহ বৃদ্ধি পেত। এডিবি বাস্তবায়নের দায়িত্ব যাদের, তদের এ ব্যাপারে তেমন কোনো সচলতা আছে বলে প্রতীয়মান হচ্ছে না। মন্ত্রী-এমপিরা কথা বলেন ঠিকই, কাজে তার প্রতিফলন খুব কম। ভঙ্গুর অর্থনীতি চাঙা করতে স্বাভাবিক সময়ের চেয়ে তাদের যে ধরনের তৎপর হওয়া দরকার, তা দেখা যাচ্ছে না। অর্থনীতির এই ভঙ্গুরতার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশজুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তাতে জনমনে একধরনের নিরাপত্তাহীনতা বিরাজ করছে। ব্যবসা-বাণিজ্যেও তার প্রভাব পড়ছে। ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরার ঘোষণা সামনে রেখে আওয়ামী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। গোয়েন্দাদের তথ্যমতে, এ মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর জুড়ে তারা নানা সন্ত্রাসী কার্যক্রম চালাবে। দেখা যাচ্ছে, আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দার মধ্যে দেশের অভ্যন্তরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলার অবনতি অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রী-এমপি এবং সরকারিদল বিএনপির নেতাকর্মীদের একযোগে কাজ না করলে সার্বিক পরিস্থিতির আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা রয়েছে। বলার অপেক্ষা রাখে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক থাকলে দেশি-বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা দেখা দেয়। বিনিয়োগকারিরা ভরসা পায় না। সবচেয়ে বেশি অর্থনৈতিক মন্দার শিকার হচ্ছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও আয় কমে যাওয়ায় তাদের জীবনযাপন শোচনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে, সরকারের জন্য তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। মনে রাখা দরকার, সাধারণ মানুষ স্বস্তিতে থাকলে সরকারও স্বস্তিতে থাকে। অস্বস্তিতে থাকলে তারা সরকারের বিপক্ষে চলে যায়। এ সুযোগ নিয়ে বিরোধীদলগুলো আন্দোলন করে। তাতে সাধারণ মানুষও সাড়া দেয়। শেখ হাসিনার পতনের অন্যতম কারণও ছিল সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে না পারা। ভারতে মোদিবিরোধী যে আন্দোলন হয়েছে এবং হচ্ছে, তার পেছনেও বেকারত্ব ও অর্থনৈতিক সংকট কারণ হয়ে রয়েছে। কয়েকদিন আগে ফ্রান্স, ইটালিসহ ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকটে পড়ে সাধারণ মানুষ যেভাবে জ্বালাও- পোড়াও করে সরকারের বিরুদ্ধে নেমেছে, তা মনে না রাখার কোনো কারণ নেই। আমরা বারবার বলেছি, সরকারের উচিৎ, সাধারণ মানুষকে স্বস্তিতে রাখার জন্য তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেয়া। সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সরকার ব্যাপকভাবে বেতন-ভাতা বৃদ্ধি করেছে। তাদের তেমন কোনো সমস্যা হচ্ছে না কিংবা হবে না। সমস্যায় রয়েছে তাদের বাইরের মানুষ ভালো নেই। ফলে সাধারণ মানুষকে কীভাবে স্বস্তিতে রাখা যায়, এ ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ব্যাংকে থাকা অর্থ বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ব্যাপকহারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে হবে।
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট