সম্পাদকীয়

মাদকের ভয়াবহতা রুখতে কঠোর পদক্ষেপ জরুরি

রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডকে কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ হিসাবে দেখলে চলবে না, আদতে এটি আমাদের সামাজিক অবক্ষয় ও মাদকের বিধ্বংসী শক্তির এক বীভৎস রূপও বটে। বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ার মতো সাধারণ একটি ঘটনায় ক্ষিপ্ত হয়ে যেভাবে আক্রোশের বশে পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো এবং পরবর্তীকালে অপরাধীদের ঠাণ্ডা মাথায় খাদ্য ও পুনরায় মাদক গ্রহণের যে ঘটনা তাদের জবানবন্দি থেকে জানা যায়-তা আমাদের স্তব্ধ করে দেয়। এ ঘটনার মাত্র ক’দিন আগেই লালমনিরহাটে এক শিক্ষক হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন। সেই হত্যাকাণ্ডের কারণও ছিল মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ। এসব ঘটনা প্রমাণ করে, মাদকের নীল ছোবল এখন প্রতিবাদী ও নীতিবান নাগরিকের জীবনকেও সরাসরি বিপন্ন করে তুলছে। তিক্ত হলেও রূঢ় সত্য এই যে, মাদক এখন আর ব্যক্তিগত নৈতিক স্খলনের বিষয় নয়, বরং তা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতারও প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সামান্য কৌতূহল কিংবা সঙ্গদোষে শুরু হওয়া এই নেশা কীভাবে যুবসমাজকে মানসিক সুস্থতা ও বিবেকবর্জিত অপরাধীতে রূপান্তর করছে, তা রংপুরের নারকীয় ঘটনার মাধ্যমে স্পষ্ট করে। মাদকের অর্থ জোগাতে এবং আসক্ত অবস্থায় অপরাধের প্রতি লিপ্সায় অপরাধীদের মনে সামান্যতম মানবিকবোধ বা অনুশোচনাও অবশিষ্ট থাকে না।এই চরম ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে এখনই সর্বাত্মক পদক্ষেপ নিতে হবে। সীমান্ত পেরিয়ে মাদক প্রবেশ সম্পূর্ণ বন্ধে কার্যকর প্রযুক্তি ও নজরদারি বৃদ্ধির পাশাপাশি দেশীয় বিক্রয়চক্রের মূল উৎপাটনেও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ও নিরবচ্ছিন্ন অভিযান চালাতে হবে। শিক্ষক আরিফুল কিংবা গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল মামলার বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে জামিনের ফাঁক গলে কোনো অপরাধী পার পেয়ে না যায়। পাশাপাশি, প্রতিটি পাড়া-মহল্লায় সামাজিক আন্দোলন গড়ে তুলে যুবসমাজকে সচেতন করা এবং পরিবারে সন্তানদের চলাফেরায় নিবিড় পর্যবেক্ষণ রাখা আবশ্যক। সার্বিক এই সামাজিক ব্যাধির লাগাম এখনই টেনে না ধরলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সম্পূর্ণ অন্ধকারের অতলে তলিয়ে যাবে।
 
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট