রাজশাহীতে ই-বাইক ও ইলেকট্রিক স্কুটি নিবন্ধন শুরু রাসিকের নগর ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ
জুলফিকার আলী হায়দার
জ্বালানি সাশ্রয় ও তুলনামূলক কম পরিচালন ব্যয়ের কারণে রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে বৈদ্যুতিক বাইক ও স্কুটি। এসব যানবাহনের ব্যবহার বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। নগরবাসীর জন্য সিটি করপোরেশনের অনলাইন নিবন্ধন ব্যবস্থায় ‘নতুন চার্জার বাইক নিবন্ধন’ নামে আলাদা আবেদন সুবিধা চালু করা হয়েছে। এর মাধ্যমে বৈদ্যুতিক বাইক ও চার্জার বাইকের মালিকেরা নিবন্ধনের আবেদন করতে পারছেন।
রাজশাহী সিটি করপোরেশনের উপ-ট্যাক্স কর্মকর্তা ও যানবাহন কর্মকর্তা মোছা. জান্নাতুন আসরাফ সূচনা নিবন্ধন কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেছেন। সিটি করপোরেশনের নিবন্ধন ব্যবস্থায় প্রবেশ করে নির্ধারিত আবেদনপত্র পূরণের মাধ্যমে নিবন্ধনের জন্য আবেদন করা যাচ্ছে।
রাসিকের এ উদ্যোগের ফলে নগরীতে চলাচলকারী বৈদ্যুতিক যানবাহনের মালিকানা ও পরিচিতির তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হচ্ছে। নিবন্ধিত যানবাহনের নির্দিষ্ট পরিচিতি থাকলে চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকানা শনাক্ত করা সহজ হবে। একই সঙ্গে কোনো যানবাহন দুর্ঘটনা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হলে সংশ্লিষ্ট মালিকের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়ক হতে পারে। ফলে নগরীর বৈদ্যুতিক যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও জবাবদিহি প্রতিষ্ঠার একটি সুযোগ তৈরি হচ্ছে।
ই- বাইক ব্যবহার মো: সৌমিকুর রহমান জানান কম খরচে দৈনন্দিন যাতায়াতের সুবিধার পাশাপাশি যানবাহনের নিবন্ধন থাকলে মালিকানার স্বীকৃতি ও নিরাপত্তা নিয়ে স্বস্তি বাড়বে। বিশেষ করে যানবাহন হারিয়ে গেলে বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়লে নিবন্ধিত তথ্য কাজে আসবে বলে তাঁরা আশা করছেন।
শোরুম সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মডেল ও ব্যাটারির সক্ষমতাভেদে একবার পূর্ণ চার্জে অনেক বৈদ্যুতিক বাইক প্রায় ১২০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। কিছু মডেলে পূর্ণ চার্জে বিদ্যুৎ খরচ ১৫ থেকে ২০ টাকার মধ্যে বলে জানিয়েছেন বিক্রেতারা। তাঁদের ভাষ্য, প্রচলিত ইঞ্জিনচালিত মোটরসাইকেলের তুলনায় এসব বাহনে যান্ত্রিক জটিলতা কম থাকায় রক্ষণাবেক্ষণ ব্যয়ও তুলনামূলক কম।
নগরীতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর নিরাপদ চলাচল ও সঠিক ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। নিবন্ধনের পাশাপাশি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ গতিতে যানবাহন চালানো এবং মানসম্মত ব্যাটারি ও চার্জার ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর রাজশাহী সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী বলেছেন, অনিয়ন্ত্রিত ই-বাইক বা ব্যাটারিচালিত যানের কারণে বর্তমানে দেশের বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। তবে সিটি করপোরেশনের মাধ্যমে নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া এবং সরকারি নীতিমালা সঠিকভাবে বাস্তবায়িত হলে বর্তমান ই-বাইকগুলোর কারণে যে পরিমাণ বিদ্যুৎ ঘাটতি হচ্ছে তার থেকে তুলনা মূলক বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমবে।
তিনি উল্লেখ করেন, শিল্প মন্ত্রণালয়ের চূড়ান্ত পর্যায়ে থাকা ‘ইলেকট্রিক ভেইকল শিল্প উন্নয়ন নীতিমালা, ২০২৬’-এ দেশেই মানসম্মত ব্যাটারি ও যন্ত্রাংশ উৎপাদনের পাশাপাশি নিরাপদ ব্যাটারি রিসাইক্লিং এবং সুনির্দিষ্ট মানদণ্ডের চার্জিং স্টেশন স্থাপনের নির্দেশনা রয়েছে। এর পাশাপাশি বিআরটিএ ও সিটি করপোরেশনের নির্ধারিত কারিগরি মানদণ্ড, গতিসীমা এবং নিবন্ধন বিধিমালা কার্যকর হলে অবৈধ ও অপরিকল্পিত চার্জিং বন্ধ হবে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের অপচয় রোধের পাশাপাশি একটি সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
