দূর্গাপুরে যৌথ অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দূর্গাপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি), ফার্মেন্টেড মিল্ক (দই) ও ডেকোরেটেড কেক’ বিক্রি-বিতরণ করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় দূর্গাপুর বাজারে অবস্থিত আসিফ মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, শাকিল মিষ্টান্ন ভান্ডারকে আট হাজার টাকা, দূর্গাপুর মিষ্টি বাড়ীকে পাঁচ হাজার টাকা মাত্র ও দূর্গাপুর মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানী ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট, লজেন্স, শ্যাম্পু, লোশন, স্কিন ক্রিম প্রভৃতি’ বিক্রি করায় মেডিকেল মোড়ে অবস্থিত নিশাত গিফট কর্ণার প্রতিষ্ঠানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, দূর্গাপুর, রাজশাহী উম্মে হাবিবা ফারজানা এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস। জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
