সুদসহ ঋণ পরিশোধ করতে না পেরে বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছে অন্তত ১০টি ঋণের ফাঁদে নিঃস্ব, আত্মগোপনে রাজশাহীর ১০ পরিবার
স্টাফ রিপোর্টার
গরু-ছাগল পালন, ছোট ব্যবসা কিংবা পারিবারিক সংকট সামাল দিতে ঋণ নিয়েছিলেন বিভিন্ন এনজিও থেকে। এক এনজিওর কিস্তি দিতে ছুটে গেছেন আরেক এনজিওর কাছে। এনজিওর ঋণ বন্ধ হয়ে গেলে ভরসা করেছেন এলাকার সুদি কারবারিদের ওপর। চড়া সুদের সেই টাকা শোধ করতে গিয়ে ক্রমেই জড়িয়ে পড়েছেন ঋণের গভীর জালে। শেষ পর্যন্ত ঋণের বোঝা আর কিস্তির চাপে অনেকেই হারিয়েছেন ব্যবসা, ছেড়েছেন বসতবাড়ি। কেউ কেউ পরিবার নিয়ে আত্মগোপনে চলে গেছেন।
রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় এমন ঋণসংকটের শিকার অন্তত ১০টি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্ধান মিলেছে। এসব পরিবারের সদস্যরা একাধিক এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সময়মতো কিস্তি দিতে না পেরে চড়া সুদে ধার করা টাকা দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করেও শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারেননি। বর্তমানে এসব পরিবারের কে কোথায় আছেন, কীভাবে দিন কাটাচ্ছেন—তা জানেন না স্বজন ও প্রতিবেশীরা।
চারঘাট বাজারের একসময়ের পরিচিত কাপড় ব্যবসায়ী বিশ্বাস বস্ত্রালয়ের মালিক সানাউল্লাহ। এনজিওর ঋণ ও সুদি কারবারিদের চাপ সামলাতে না পেরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে চলে যান। এখন তিনি কোথায় আছেন, তা জানেন না স্থানীয় ব্যবসায়ী কিংবা পরিচিতজনরা। একই পরিস্থিতিতে পড়েছেন মুংলি গ্রামের সেলিম হোসেন, আব্দুস সামাদ ও মাইনুল হক। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার পর সুদি কারবারিদের কাছ থেকে টাকা ধার করেন তারা। শেষ পর্যন্ত ঋণের চাপ সামলাতে না পেরে সপরিবারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। এলাকার প্রবীণ বাসিন্দা আবদুল কাদের বলেন, চড়া সুদে ঋণ নেওয়ায় এলাকায় অনেকেই বাড়ি ছাড়া হচ্ছেন। প্রতি বছরেই আত্মহত্যার মতো ঘটনাও ঘটে।
তিনি বলেন, সুদের ব্যবসা এক ধরনের মারাত্মক মরণব্যাধি ব্যবসা। সুদের হার বেশি হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে টাকা বেড়ে যায়। ফলে অনেক কৃষক টাকা দিতে ব্যর্থ হয়ে গ্রাম ছাড়ছেন।
চারঘাটের কালুহাটিতে জুতার কারখানাকে কেন্দ্র করে একসময় অনেকেই ব্যবসায়িক স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঋণ নিয়ে ব্যবসা করতে গিয়ে তাদের অনেকেই এখন আর্থিক সংকটে পড়েছেন। এদের একজন আলমগীর হোসেন। ঋণের চাপে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ছেড়েছেন তিনি। বাড়িতে থাকা মা-বাবাও জানেন না, তাদের ছেলে বর্তমানে কোথায় রয়েছেন। কালুহাটি বাজারের এক ব্যবসায়ীর ভাষ্য, বাজারের অন্তত ১০ জন ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিনজনের ঋণ পরিশোধের আর কোনো উপায় নেই।
চারঘাটের ব্যবসায়ী রহমান মিয়া জাগো নিউজকে বলেন, ‘ব্যবসা করার স্বপ্ন নিয়ে ঋণ নিয়েছিলাম। কিন্তু একসময় সেই ঋণই আমার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। কিস্তি দিতে গিয়ে আরও ঋণ করতে হচ্ছে। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যে ব্যবসা ও বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা।’
ঋণের চাপের আরেকটি মর্মান্তিক পরিণতি ঘটেছে বনকিশোর গ্রামে। ওষুধ কোম্পানির প্রতিনিধি মিঠন দাস ঋণের বোঝা ও আর্থিক সংকটের কথা ফেসবুক লাইভে তুলে ধরেছিলেন। পরে রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, শুরুতে সিসিটিভি ক্যামেরার ব্যবসা করেছিলেন মিঠুন। ব্যবসার জন্য ঋণ নিলেও তা পরিশোধ করতে পারেননি। পরে ওষুধ কোম্পানিতে চাকরি নেন। সেখানেও বিপাকে পড়েন। কোম্পানির তিন লাখ টাকা পকেটমারের মাধ্যমে হারিয়ে যাওয়ার পর তার আর্থিক সংকট আরও বেড়ে যায়। বনকিশোর গ্রামের মিঠুনের এক প্রতিবেশী বলেন, ‘মিঠন খুবই পরিচিত ও মিশুক ছেলে ছিল। তার আর্থিক সংকট ও ঋণের চাপের বিষয়টি আমরা জানতাম। তবে সে যে এতটা মানসিকভাবে ভেঙে পড়েছিল, তা বুঝতে পারিনি। তার এমন মর্মান্তিক মৃত্যু আমাদের পুরো এলাকাকে শোকাহত করেছে। ঋণের চাপে আর কোনো পরিবার বা মানুষ যেন এমন পরিণতির শিকার না হয়, সেজন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।’
স্থানীয় সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলা সদর ছাড়াও মুংলি, বনকিশোর, কালুহাটি, ফরিদপুর মোড়, বামনদীঘি, ইউসুফপুর, কাকরামারী ও পরানপুর এলাকায় এবং বাঘার মীরগঞ্জ, বারশত দিয়াড়, মহদীপুর ও বিনোদপুরে কয়েকজনের সুদের কারবারই আয়ের প্রধান উৎস। চড়া সুদে টাকা দিয়ে এসব ব্যক্তি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, সুদের কারবারিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক। ঋণের চাপে পরিবার নিয়ে বাড়িছাড়া হওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ সুদের কারবার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, সুদি কারবারিদের বিষয়ে সঠিক তথ্য পাওয়া গেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ভুক্তভোগীরা এসব অবৈধ সুদি কারবারির বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারেন।
