জামায়াত-আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, আজকে আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি। এতে বোঝা যাচ্ছে, ১৯৭১ সালের সেই রাজাকার বাহিনী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের মধ্যে যোগসাজশ রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউট্যাব কর্তৃক আয়োজিত ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাবি ছাত্রদল সভাপতি বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা উপহার দিয়ে তিনি নিজের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে শেখ মুজিবের দুর্নীতি, বৈষম্য এবং তার সন্তানদের অহংকারী জীবনযাপনের কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে নিহত হন। এরপর খালেদ মোশাররফ যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কুক্ষিগত করেন এবং বিভিন্ন অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা ঘটে, তখন ৭ নভেম্বর সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসেন।

আওয়ামী লীগের বিষয়ে সুলতান আহমদ রাহী বলেন, আজকে আপনারা দেখবেন, বাংলাদেশে কীভাবে ষড়যন্ত্র চলছে। একদিকে আওয়ামী লীগ নামে একটি খুনি সংগঠন বাংলাদেশের মানুষকে খুন, হত্যা ও গুম করে ভারতে পালিয়ে যাচ্ছে। অন্যদিকে আরেকটি পক্ষ ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা কেউ ভারতে পালায়, আবার কেউ পালায় পাকিস্তানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করি, আমাদের পালানোর কোনো জায়গা নেই। আমরা বাংলাদেশের জনগণ, এ দেশেই বসবাস করব, এ দেশেই থাকব। আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নেই।

গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, আজকে দেখবেন, গোপালগঞ্জে কীভাবে বাংলাদেশের মানুষের ওপর নাশকতা চালানো হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, পেট্রোলবোমা মেরে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি।

তিনি আরও বলেন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে, ১৯৭১ সালে যারা আমাদের মা-বোনদের ধর্ষণ করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বাংলাদেশের সূর্যসন্তানদের হত্যা করেছিল, সেই রাজাকার বাহিনী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের মধ্যে যোগসাজশ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ১০০ থেকে ১৪২ জন ছাত্রনেতাকে প্রাণ দিতে হয়েছে। আর এই দুই পক্ষ- পলাতক বাহিনী ও রাজাকার বাহিনী ঐক্যবদ্ধ হয়ে কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফাইসুল ইসলাম ফারুকী, সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম রাজ্জাক এবং প্রধান আলোচক হিসেবে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামান উপস্থিত ছিলেন। সূত্র: কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট