ক্ষমতার আগে দেওয়া প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব

নতুন প্রভাত ডেক্স:
সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন, এখন সেগুলোই বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ এবং ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১-এও প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন সালেহ শিবলী। তিনি কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্বে আসার আগেই পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানো এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। এখন দেশে এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনেও তিনি বাংলাদেশের এসব উদ্যোগের কথা তুলে ধরেছেন।

ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিন দিনের তুরস্ক সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

সালেহ শিবলী জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ-৩১ সম্মেলনের গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের অধিবেশন অনুষ্ঠিত হয় ১১ ও ১২ নভেম্বর। বৃহস্পতিবার ওই অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমাতে বিশেষ ব্যবস্থা, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করা। এ ছাড়া কপ-৩১ সম্মেলনে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি সম্পর্কে প্রেস সচিব বলেন, সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সম্মেলনে বাংলাদেশের উত্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও জানান তিনি।

এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা মাত্র ২১ জন ছিল উল্লেখ করে সালেহ শিবলী বলেন, এটি একটি ইতিবাচক দিক। প্রধানমন্ত্রীর যাতায়াত ঘিরে বিমানবন্দরে আগে যে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও জনদুর্ভোগ তৈরি হতো, সেখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সরকারি সফরে প্রয়োজনীয়সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১-এর পাশাপাশি আন্তালিয়া লিডার্স সামিটেও অংশ নেন তিনি। সফরের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট