জুলাই থেকে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ: শিক্ষামন্ত্রী
নতুন প্রভাত ডেস্ক
আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান। সভায় দেশের শিক্ষার্থীদের জন্য এ বিশেষ সহায়তা কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব উপজেলার শিক্ষার্থীদের আওতায় আনা হবে। ভবিষ্যতে মাদরাসা ও হাইস্কুল পর্যায়েও এই উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, পোশাকশিল্প খাতের সংগঠন বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনও এই উদ্যোগে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।
এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই সুবিধা দেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ডিজাইনের ইউনিফর্ম, ব্যাগ ও জুতা নির্ধারণ করা হবে—ছেলে ও মেয়েদের জন্য আলাদা হলেও প্রতিটি ক্ষেত্রে একই মান বজায় থাকবে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রয়েছে এবং এটি ধীরে ধীরে দেশব্যাপী বিস্তৃত করা হবে। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ, বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে এ কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে একটি সমন্বিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার চেষ্টা চলছে।
সরকারের লক্ষ্য, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সমতা নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ আরও উৎসাহিত করা।
