মাদক বন্ধের দাবিতে  রহনপুরে মানববন্ধন

গোমস্তাপুর সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনটি রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে শুরু হয়ে রহনপুর কলোনি মোড়, মুক্তাশা হল রোড, আল হেরা ক্লিনিক মোড় ও উপজেলা চত্বরসহ স্টেশন বাজারের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে রহনপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। বিশাল এ মানববন্ধনে রহনপুর পৌর এলাকার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম, বিএনপি নেতা এনায়েত করিম তোকি ও আশরাফুল হক, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও একেএম মাসুম, কৃষক দল নেতা দুরুল হুদা, আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সম্পাদক নাসির উদ্দীন, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল ও মজিবুর রহমানসহ অন্যরা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট