বাংলাদেশের বৈদেশিক ঋণ, এক দশকে তিন গুণ বেড়ে ১১ হাজার ৩০০ কোটি ডলার

বিশ্বব্যাংকের ‘আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন ২০২৬’ অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় তিন গুণ বেড়ে ১১ হাজার ৩০০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ। এর ফলে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ নিয়ে উদ্বেগও দিন দিন বাড়ছে। ২০১৫ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। এই অঞ্চলে শুধুমাত্র মালদ্বীপের ঋণ বৃদ্ধির হার বাংলাদেশের চেয়ে বেশি। বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয়ের প্রতি ১০০ ডলারের বিপরীতে বৈদেশিক ঋণ ২১০ ডলার এবং ঋণ পরিশোধে ব্যয় হয় ১৬ ডলার। রপ্তানি আয়ের তুলনায় ঋণের বোঝা পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার চেয়ে কম হলেও ভারত ও নেপালের চেয়ে বেশি। দক্ষিণ এশিয়ায় ভারতের বৈদেশিক ঋণ সর্বোচ্চ ৭৬ হাজার ৪০০ কোটি ডলার। এরপর রয়েছে পাকিস্তানের ১৩ হাজার ৫০০ কোটি, শ্রীলঙ্কার ৫ হাজার ৭০০ কোটি, নেপালের ১১০০ কোটি, মালদ্বীপের ৪৭০ কোটি এবং ভুটানের ৩৩০ কোটি ডলার।

২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয়ের ১৬ শতাংশ ঋণ পরিশোধে ব্যয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কম। মোট জাতীয় আয়ের বিপরীতে ঋণের অনুপাত ছিল ২৪ শতাংশ, যেখানে আঞ্চলিক গড় ২১ শতাংশ। তবে দেশের বার্ষিক রপ্তানি আয়ের বিপরীতে বৈদেশিক ঋণের অনুপাত ২১০ শতাংশ, যেখানে ভারতে ৮৩ শতাংশ এবং আঞ্চলিক গড়ে ৯৫ শতাংশ। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ঋণ পরিশোধের সক্ষমতা নির্ভর করে রপ্তানি সক্ষমতা ও বৈদেশিক মুদ্রার তারল্যের ওপর। বাংলাদেশের রপ্তানি পণ্যের সীমিত বৈচিত্র্য এবং তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। বর্তমান গতিতে ঋণ নেওয়া অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো সংকটে পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। তাঁর ভাষায়, আপনি কী ধরনের ঋণ নিচ্ছেন এবং ধার করা অর্থ কীভাবে ব্যবহার করছেন, সে বিষয়ে বিচক্ষণ না হলে আরেকটি শ্রীলঙ্কায় পরিণত হওয়া কেবল সময়ের ব্যাপার। মানচিত্রদেখুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ খাতে দেশীয় মূল্য সংযোজনের হার ৬০ থেকে ৬৫ শতাংশ হওয়ায় নিট রপ্তানি আয় হিসাব করা আরও কঠিন হয়ে পড়ে। পাশাপাশি উচ্চ সুদের হার এবং ঋণ পরিশোধ ও রেয়াতকাল কমে আসায় চাপ বাড়ছে। গত অর্থবছরে সরকারের ঋণ পরিশোধের পরিমাণ ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৯ সাল নাগাদ তা বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে।

বিশ্বব্যাপী ২০২৫ সালে উন্নয়নশীল দেশগুলোর বৈদেশিক ঋণ ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো আসল ও সুদ বাবদ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পরিশোধ করেছে। অন্যদিকে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলো নতুন অর্থায়ন হিসেবে যত অর্থ পেয়েছে, তার চেয়ে ৪৩ হাজার ৬০০ কোটি ডলার বেশি ব্যয় করেছে ঋণ পরিশোধে।

মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্বব্যাপী অর্থায়নের পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। বাংলাদেশের এখনও বৈদেশিক ঋণের প্রয়োজন হবে। তবে তিনি আরও ভালো শর্তে ঋণ পাওয়ার জন্য দর-কষাকষি, সহজ শর্তের অর্থায়ন নিশ্চিত করা এবং বন্ড ইস্যুর বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন।  সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট