রাজশাহীতে যুবদল নেতার চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণ

নতুন প্রভাত ডেক্স
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিকে ঘিরে রাজশাহীতে যুবদল নেতা মো. সাঈদুল ইসলামের চেম্বারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও অপরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।

ঘটনার পর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এ ঘটনার প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য রাতে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে দুটি ককটেল দেখতে পান স্থানীয়রা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ঘটনাস্থলটি চন্দ্রিমা থানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে বলে জানা গেছে।

যুবদল নেতা মো. সাঈদুল ইসলাম জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে এক ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে বাসায় ফিরে খবর পান, তার চেম্বারের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন।

তিনি আরও জানান, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে এ ধরনের বোমা হামলা ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে সামনে রেখে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি ছড়ানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল জানান, ঘটনার সময় তিনি ট্রেনে ঢাকা থেকে রাজশাহীর পথে ছিলেন। নেতাকর্মীরা তাকে ঘটনার ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য পাঠিয়েছেন। ঘটনার পরপরই যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছেন। রাজশাহীতে পৌঁছে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। পাশাপাশি পুলিশের সহযোগিতা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহমুদুল হাসান বলেন, ঘটনার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র:কালবেলা

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট